গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

লেখক: জনধারা ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যদের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় রোববার (১৪ জুন) জাতীয় সংসদ ভবনে।

সংসদ অধিবেশন শেষে অধিবেশন কক্ষের বাইরে প্রধানমন্ত্রী ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন। দুপুরে সংসদ ভবনের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে সংগঠনটির ২৬ জন সদস্য অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

চলতি অর্থবছরের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম পরিচালিত হয়।

এবারের প্রস্তাবিত জাতীয় বাজেট ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সংসদে আমন্ত্রণ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ মানবাধিকার ও ন্যায়বিচার বিষয়ক আলোচনায় নতুন মাত্রা যোগ করবে।