শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে পূর্ণ অনুশীলনে ফিরলেন আর্জেন্টাইন অধিনায়ক

লেখক: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ইনজুরি নিয়ে তৈরি হওয়া সব ধরনের অনিশ্চয়তা কাটিয়ে আবারও পূর্ণ উদ্যমে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাকে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক ছন্দে দেখা যাওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা।

সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। এ কারণে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর শুরুতে দলের মূল অনুশীলন থেকে দূরে ছিলেন তিনি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর এখন দলের সঙ্গেই নিয়মিত অনুশীলন করছেন।

আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে পেনাল্টি থেকে গোলও করেন মেসি। ম্যাচ শেষে তিনি নিজেই জানান, শারীরিকভাবে অনেকটাই স্বস্তিতে আছেন এবং কোনো ধরনের অস্বস্তি অনুভব করছেন না।

রোববার কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের অনুশীলনে হাসিখুশি ও আত্মবিশ্বাসী মেসিকে দেখা গেছে। পুরো সেশনজুড়ে তাকে স্বাভাবিকভাবেই অংশ নিতে দেখা যায়, যা দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

এবারের আসরটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর এবারও দলের অন্যতম প্রধান ভরসা তিনি।

বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিশ্বকাপ যাত্রার স্মৃতি তুলে ধরেন মেসি। ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত বিশ্বকাপ অধ্যায়ের প্রতীকী উল্লেখ করে তিনি একটি সংক্ষিপ্ত বার্তাও শেয়ার করেন।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়া। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে দলের সবচেয়ে বড় নির্ভরতার নাম এখনো লিওনেল মেসি।

  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • বিশ্বকাপ