আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে ঘিরে ভিন্নমত প্রকাশ করেছেন জনপ্রিয় রেডিও জকি (আরজে) ও ইউটিউবার গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া)।
রোববার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শাস্তি হিসেবে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে অন্য বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। তার মতে, বিষয়টি এমন যেন “মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত”।
তিনি আরও লেখেন, আদ্-দ্বীন ও ইবনে সিনার মতো হাসপাতালগুলো দেশের সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসার জায়গা। এসব প্রতিষ্ঠানের কারণে অনেক ক্ষেত্রে চিকিৎসা ব্যয় কমে আসে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ১২ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৭ মে হাসপাতালে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলা, ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকার বিষয়গুলো উঠে আসে। প্রতিবেদনে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াকেও সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।
৪ জুন তদন্ত প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়, যার ভিত্তিতেই পরবর্তীতে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত আসে।