এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা

লেখক: জনধারা ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে
মনিরুল হক চৌধুরী ও সর্ব মিত্র চাকমা

জাতীয় সংসদে নারী সদস্যদের পোশাক নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে আলোচনার মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।

রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তার দাবি, সংসদ সদস্যের বক্তব্য বোরকা, হিজাব ও নিকাব পরিধানকারী নারীদের প্রতি অসম্মানজনক বার্তা বহন করে।

স্ট্যাটাসে সর্ব মিত্র চাকমা লেখেন, সংসদে দেওয়া মন্তব্যের মাধ্যমে নারীর পোশাক নির্বাচনের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, সমাজের বিভিন্ন স্তরে বোরকা ও হিজাব পরা নারীরা নানা ধরনের কটাক্ষ ও বৈষম্যের মুখোমুখি হন, আর সংসদে এমন মন্তব্য সেই প্রবণতাকেই উৎসাহিত করতে পারে।

ডাকসুর এই সদস্য আরও বলেন, দেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ নারী বোরকা ও নিকাব পরিধান করেন। তাদের সম্পর্কে অবমাননাকর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা অনুচিত এবং এ কারণে সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত।

এর আগে জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় একটি সামাজিক অনুষ্ঠানের অভিজ্ঞতা তুলে ধরে মন্তব্য করেন মনিরুল হক চৌধুরী। তার সেই বক্তব্যকে ঘিরে সংসদে বিরোধী দলের সদস্যদের আপত্তি ওঠে। পরে বিতর্কের মুখে বক্তব্যের সংশ্লিষ্ট অংশ কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।