পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে মঙ্গলবার (৯ জুন) থেকে কোম্পানি দুটির শেয়ার স্বাভাবিক সার্কিট ব্রেকার সীমার মধ্যে লেনদেন হবে।
সোমবার (৮ জুন) বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
কমিশনের জারি করা আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ আগস্ট আরোপ করা ফ্লোর প্রাইস এবং সংশ্লিষ্ট শর্তসমূহ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এখন থেকে বাজারের স্বাভাবিক নিয়ম অনুযায়ী শেয়ার দুটির মূল্য ওঠানামা করতে পারবে।
বিএসইসি জানিয়েছে, ২০২১ সালের ১৭ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী সব তালিকাভুক্ত সিকিউরিটিজের ক্ষেত্রে প্রচলিত সার্কিট ব্রেকার সীমা কার্যকর থাকবে। অর্থাৎ, অন্যান্য শেয়ারের মতো বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারও নির্ধারিত সীমার মধ্যে মূল্য পরিবর্তনের সুযোগ পাবে।
নিয়ন্ত্রক সংস্থার মতে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, বাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, দীর্ঘ সময় পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের ফলে দুই কোম্পানির শেয়ারের প্রকৃত চাহিদা ও জোগানের ভিত্তিতে মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারগুলোর বাজারমূল্য আরও বাস্তবসম্মতভাবে প্রতিফলিত হতে পারে।